Skip to main content
২৬ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার · ১৩ অক্টোবর ২০২৬
আনুপূর্বী বাংলা
✦ অতীত ও অনাগত-এর সন্ধিক্ষণে ✦
আসন্ন অনুষ্ঠান 31 Oct 2026
Exploring the Place of Devotion: Siting and Experiencing Divinity in Bengal-Vaishnavism
Sukanya Sarbadhikary
লেখা পাঠান

রাজীব দত্তের দুটি কবিতা

‘কবি’ ও ‘পরজীবী’ কবিতাদুটি শিল্পসৃষ্টির আত্মত্যাগ, সামাজিক স্বীকৃতির অসারতা, পরনির্ভরতা ও ভণ্ডামির নানা স্বরূপ উন্মোচন করে। ব্যঙ্গ ও রূপকের আশ্রয়ে কবিতাদুটি দেখায়, কীভাবে আত্মস্বার্থে মানুষ সৃষ্টিকে শোষণ করে, তার মহিমাকে খর্ব করে এবং পরিশেষে নিজের ব্যর্থতা আড়াল করতে তাকেই অস্বীকার করে।
রাজীব দত্তের দুটি কবিতা
AIচিত্রটি প্রতীকী এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সহায়তায় নির্মিত

কবিতা গুচ্ছ সূচি (২টি কবিতার সংকলন)

কবিতা ১

কবি

োখে পড়ার মতো একটি কবিতাও লেখেন নি তিনি।
কানে শোনার মতোও একটি কবিতা, লেখেন নি তিনি।
অথবা, পাতে দেওয়ার মতো, কোনো
কবিতা-ই লেখেন নি তিনি।
অথচ, তিনিই, একটি কবিতার জন‍্য:
পা কে কেটে হাতকে খাওয়ালেন।
হাতকে কেটে চোখকে খাওয়ালেন।
নাককে কেটে খাওয়ালেন গুহ‍্যদেশকে।
শেষ বার যখন, চোখ উপড়ে নুলি কেটে নেওয়ার সময়
হল, তিনি বললেন, 'আমাকে শূলে চড়ান হুজুর'।
তাকে শূলে চড়ানো হল এবং কী আশ্চর্য
তখনও তিনি চোখে পড়ার মতো, কানে শোনার মতো বা
পাতে দেওয়ার মতো কোনো কবিতাই না লিখে শূন‍্য
কোটোরে অখিল ভূমণ্ডলে তাকিয়ে
হেসে গেলেন তরঙ্গের মৃদু ভঙ্গিমায়...
❦   ~   ❦   ~   ❦
কবিতা ২

পরজীবী

বৃক্ষটি মরে যাক,
কোনো পরজীবীই তা চায় না।
সে চায় বৃক্ষ বাঁচুক।
রোদ-জল-হাওয়ায়,
কঠিন তুষারপাতে
এবং বজ্রাঘাতেও --বৃক্ষটি বাঁচুক।
সে চায়, মাটি ফুঁড়ে,
পাথর এফোঁড়-ওফোঁড় করে বৃক্ষটি
শিকড়ে শিকড়ে জল বয়ে আনুক।
ছাগলে খেয়ে নিক তার পাতা,
জিরাফে খেয়ে নিক তার পাতা,
কাঠুরে কেটে নিয়ে যায় যাক, তার ডাল;
পত্রহীন, সরস ছাল-বাকলহীন
যদি বা সে হয়ে যায়, যাক
বৃক্ষটি তবু বাঁচুক।
সে জানে বৃক্ষ বাঁচলে
সে বৃক্ষকে অভিশাপ দিতে পারবে,
বৃক্ষ বাঁচলে সে বৃক্ষকে কুৎসতি বলতে পারবে,
আসতে-যেতে, সকাল-সন্ধে সে বৃক্ষের মুখে
মারতে পারবে আদ্দিকালের মুড়ো ঝাঁটাও।
সে আরও জানে বৃক্ষ বাঁচলে, শেষমেশ
বৃক্ষের রসে বেঁচেবর্তে থেকে
সেও ছুঁয়ে নেবে
বৃক্ষের উচ্চতা। বৃক্ষের মহিমা।
তাই পরজীবীরা কাঁদে,
শোকসভা করে, প্রার্থনাও করে।
এমন কী খিল্লিও।
যখন সব শোকসভা ও প্রার্থনা বিফল হয়
যখন সব খিল্লি শেষ হয়
তখন পরজীবীরা এই ভেবে আনন্দিত হয়:
বৃক্ষটি আসলে বৃক্ষ ছিল না।
হারামি ছিল, হারামি...
Rajib Dutta R
লেখক পরিচিতি
প্রোফাইল →

Rajib Dutta

কবি

স্বত্ব ও লাইসেন্স: এই রচনাটি CC BY-NC-ND 4.0 লাইসেন্সের আওতায় প্রকাশিত। মূল লেখকের নাম ও ‘আনুপূর্বী’ পত্রিকার সূত্র উল্লেখ সাপেক্ষে অবাণিজ্যিক ব্যবহারের জন্য উন্মুক্ত।
গুরুত্বপূর্ণ ঘোষণা: এখানে প্রকাশিত লেখক, অতিথি ও অন্যান্য অংশগ্রহণকারীদের বক্তব্য ও মতামত একান্তই তাঁদের নিজস্ব; তা Poorvam-এর নীতি বা অবস্থান প্রতিফলিত করে না।

আপনার লেখা পাঠান

গল্প, কবিতা ও প্রবন্ধ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হোন।