Skip to main content
विक्रम संवत २०८३
मंगलवार · १० नवंबर २०२६
आनुपूर्वी हिन्दी
✦ अतीत और अनागत के संधिकाल में ✦
आगामी कार्यक्रम 22 Nov 2026
Exploring Enduring Colonialism: Classical Presences and Modern Absences in Indian Philosophy
A Raghuramraju
रचना भेजें

আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: অতৎসম শব্দের ইতিহাস, ব্যুৎপত্তি ও বানান-বিভ্রান্তি

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রকাশিত ‘আকাদেমি বানান অভিধান’-এর অতৎসম শব্দ-সংক্রান্ত বানানবিধির বিভিন্ন অসংগতি, ঐতিহাসিক তথ্যের অপর্যাপ্ত বিবেচনা এবং শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণের সীমাবদ্ধতা এই প্রবন্ধের মূল আলোচ্য বিষয়। পূর্ববর্তী পর্বগুলিতে তৎসম শব্দের বানান নির্ধারণে সংস্কৃত ব্যাকরণের নিয়ম লঙ্ঘনের যে-সমস্ত দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে, এই পর্বে তেমনই অতৎসম শব্দের বানান নির্ধারণে অভিধান-প্রণেতাদের সিদ্ধান্তগুলি পর্যালোচনা করা হয়েছে।
আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: অতৎসম শব্দের ইতিহাস, ব্যুৎপত্তি ও বানান-বিভ্রান্তি
AIচিত্রটি প্রতীকী এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সহায়তায় নির্মিত
WhatsApp X / Twitter Facebook RSS फ़ीड

‘আকাদেমি বানান অভিধান’-এর ত্রুটিগুলি নিয়ে লিখতে শুরু করেছিলাম প্রায় বছরখানেকেরও আগে (১৩.৫.২০২২)। দুটি পর্ব লেখার পর নানা-কারণে এই লেখায় ছেদ পড়ে। পূর্বের দুটি পর্বে প্রধানত বাংলা তৎসম শব্দের বানান নিয়ে পবিত্র সরকারদের ছেলেখেলার কীর্তি আপনাদের সামনে তুলে ধরেছি। অতৎসম শব্দ নিয়েও তাঁদের এই খামখেয়ালির কীর্তি যে কোনো অংশে কম নয়, তা আপনাদের সামনে এবার পর্বে পর্বে তুলে ধরব। কোনো ভুল-ত্রুটি হলে অবশ্যই আমাকে সচেতন করবেন, এটুকু আপনাদের কাছে আমার সবিনয় আবেদন। 


‘আকাদেমি বানান অভিধান’ গ্রন্থে বানান-বিষয়ে সিধান্তের ১১.৩ নং সূত্রে বলা হয়েছে, ‘চিন, চিনা-ও প্রাচীন বাংলায় চিনা (কঙ্গুচিনা) হিসেবেই পাই। ‘চিনাবাদাম’ও প্রচলিত। ফলে এই দেশনামটিকে তৎসম হিসাবে গণ্য করা অসংগত। তবু চিন ও চীন বিকল্প রাখা হল।’ প্রাচীন বাংলায় অর্থাৎ ‘চর্যাগীতি’র ৫০ সংখ্যক গানে আছে, ‘কঙ্গুচিনা পাকেলা রে শবরাশবরি মাতেলা’— অর্থ কঙ্গুচিনা বা কাংনি ধান পেকেছে রে, তাই শবর-শবরী মেতে উঠেছে। এখন প্রশ্ন জাগা স্বভাবিক ‘চীন’ তৎসম শব্দ হওয়া সত্ত্বেও অর্থাৎ সংস্কৃতে এই দেশনামটি ওইরকম বানানে ব্যাবহৃত হওয়া সত্ত্বেও ‘কঙ্গুচিনা’ শব্দে ‘চিনা’ বানানে ‘ঈ’-কার না হয়ে ‘ই’-কার হল কেন? শবর পাদ কি এতো বড়ো ভবিষ্যত দ্রষ্টা যে, বহু আগে থেকে আকদেমি বানান অভিধান-কারদের সুবিধা করে দিতে বাংলা বানান সংস্কারে নেমে পড়েছিলেন? ‘কঙ্গুচিনা’ শব্দে ‘কঙ্গু’ শব্দটি তো তৎসম শব্দ অথচ তার সঙ্গে যুক্ত ‘চিনা’ শব্দটি কি শবর পাদ নিজে তৈরি করে নিয়েছিলেন? তারপর তৎসম ও অতৎসম শব্দ মিলিতি হয়ে গঠিত হওয়া ‘কঙ্গুচিনা’ শব্দটি কি আসলে তিনি সঙ্কর শব্দ মেনে তাঁর পদে ব্যবহার করেছিলেন? না এগুলোর কোনো কারণ-ই যে যথাযথ নয়, তা পদটির ব্যাখ্যার প্রতি দৃষ্টিপাত করলেই বোঝা যায়। ড. নির্মল দাশ তাঁর ‘চর্যাগীতি পরিক্রমা’ গ্রন্থে বলেছেন, “চর্যায় ‘কঙ্গুচিনা’ দ্ব্যর্থবোধক সন্ধ্যাশব্দ: (১) শস্যবিশেষ (২) ক (=মহাসুখ)+ অঙ্গচিন (অঙ্গচিহ্ন)।” (১২শ সংস্করণ, পৃ. ২৩৬)। বোঝা যাচ্ছে ‘কঙ্গুচিনা’ শব্দের দ্ব্যর্থবোধকে ফুটিয়ে তুলতে অর্থাৎ ‘চিনা’ শব্দ দ্বারা ‘চিহ্ন’-কে ইঙ্গিত করতে তৎসম ‘চীন’ শব্দজাত ‘চীনা’ বানানের পরিবর্তন ঘটিয়ে ‘চিনা’ করে নিয়েছেন শবর পাদ—যা পবিত্র সরকারদের মাথার উপর দিয়ে গেছে। তাই তাঁরা ‘চিনা’ শব্দকে প্রাচীন বাংলা শব্দের নিদর্শন হিসেবে তুলে এনেছেন—এ যে কতো বড়ো ভ্রান্তি তা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। পূর্বে প্রচলিত ‘ঈ’-কার যুক্ত শব্দের ‘ঈ’-কারকে, ‘ই’-কারে পরিণত করার ঝোঁক বানান অভিধান-প্রণেতাদের যে কি প্রবল ছিল এই ভ্রান্তি তার প্রকৃষ্ট প্রমাণ। তা নাহলে মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রায় সর্বত্র ‘চিন’ শব্দের দ্বরা হয় চিহ্নকে বোঝানো হয়েছে; নতুবা ‘চিন্‌’-ধাতুজ ক্রিয়ার ( চিনহ, চিন, চিনিঞা প্রভৃতি) অর্থ-নির্দেশ করা হয়েছে কিন্তু ‘চিন’ শব্দ দ্বারা কোথাও ‘চীন’ দেশকে বোঝানো হয় নি। কয়েকটি দৃষ্টান্ত দিলে বিষয়টি পরিষ্কার হবে। চিহ্ন বা লক্ষণ অর্থে—‘দুঃখ ঘোচে কালুয়ার হেন দেখি চিন’ (বিজয় গুপ্তের মনসামঙ্গল, বঙ্গীয় শব্দকোষ); ‘আজি হৈতে সম্পদের চিন’ (মুকুন্দের চণ্ডীমঙ্গল, বঙ্গীয় শব্দকোষ)। ‘চিন্‌’-ধাতুজ ক্রিয়া চেনা বা জানা অর্থে—‘হয় নয় চিন মিত্র সীতার ভূষণ’ (কৃত্তিবাসী রামায়ণ, বঙ্গীয় শব্দকোষ); ‘কতবার দেখিয়াছ নাহি চিন কেনে’ (কাশীদাসী মহাভারত, বঙ্গীয় শব্দকোষ)। মধ্যযুগের পুঁথির বানানে ‘ই’-কার স্থানে ‘ঈ’-কার বা ‘ঈ’-কার স্থানে ‘ই’-কার হামেশায় হয়ে থাকে কিন্তু তারপরেও ‘চীন’ দেশ বোঝাতে ‘চিন’ বানান সাধারণত দৃষ্ট হয় না। আর চর্যাপদে তৎসম শব্দের ব্যবহার যথেষ্টই আছে; ফলে চর্যাপদের কবিরা তৎসম শব্দের সঙ্গে পরিচিত ছিলেন না এমনটাও বলা যাবে না। শবর পাদও তাঁর রচিত পদে অনেক তৎসম শব্দ (কণ্ঠ, কঙ্গু, ভুজঙ্গ ইত্যাদি) ব্যবহার করেছেন। সুতরাং তৎসম ‘চীন’ শব্দের সঙ্গে তিনি পরিচিত ছিলেন না, এমন মনে করার কোনো হেতু নাই। তাহলে? আসলে শবর পাদ খুব সচেতনভাবেই অভীষ্ট ভাব ফুটিয়ে তুলতে ‘কঙ্গু’ শব্দের সঙ্গে ‘চিনা’ শব্দ ব্যবহার করে ‘চিনা’ শব্দকে দ্ব্যর্থবোধক করে তুলেছিলেন। অতএব বিশেষ দেশ বোঝাতে ‘চীন’ শব্দ কোনোভাবেই অতৎসম শব্দ নয়,  সংস্কৃত সাহিত্যে কালিদাসসহ অন্যান্য কবিরা এ শব্দের ব্যবহার করেছেন। তাই এই তৎসম শব্দের বিকল্প বানান কোনোভাবেই অভিপ্রেত নয়। আর তারপরেও যদি তৎসম শব্দের বানানের পরিবর্তন করতেই হয় তাহলে কারণসহ সূত্রে তার উল্লেখ থাকা প্রয়োজন ছিল। আর প্রাচীন বাংলা সাহিত্যের একটি মাত্র দৃষ্টান্ত থেকে যে এভাবে সিদ্ধান্তে পৌঁছান যায় তাও আমার ধারণাবহির্ভূত ছিল। তাছাড়া এ-যুক্তিতে বড়ো ফাঁকি আছে তা তো পূর্বেই বলেছি। প্রাচীন বা মধ্যযুগের বংলা সাহিত্যে বিশেষ এক দেশ বোঝাতে ‘চিন’ শব্দের প্রয়োগ দেখা যায় কি?  

একটা প্রচলিত শব্দের বানান পরিবর্তন করতে গিয়ে বাংলা ভাষারই এক আঞ্চলিক শব্দের সঙ্গে অর্থভ্রান্তি তৈরি করা কোনোভাবেই কাম্য নয়।


এবার ‘চিনাবাদাম’ প্রসঙ্গে আসা যাক। বানান অভিধান প্রণেতাদের বক্তব্য, ‘চিনাবাদামও প্রচলিত’ অর্থাৎ ‘চিনাবাদাম’ শব্দের ‘চিনা’ বানানটিতে যে ‘ই’-কার আছে সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন পবিত্র সরকাররা। আমার প্রশ্ন হল, ‘কঙ্গুচিনা’ শব্দের মতো ‘চিনাবাদাম’ শব্দও কি প্রাচীন বাংলা সাহিত্যে মেলে? কমপক্ষে মধ্যযুগের বাংলা সাহিত্যেও কি মেলে? নাকি এরকম বানান আধুনিক? আর আধুনিক হলে সেই শব্দকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে তৎসম শব্দের বিচার করা তো বাতুলতা মাত্র! আমার বিশ্বাস ‘চিনাবাদাম’ আধুনিক শব্দ; রবীন্দ্রনাথই এরকম বানান ব্যবহার করেছেন এবং এটাই আকাদেমি বানান অভিধানকারদের হাতিয়ার হয়ে উঠেছে। ‘জীবনস্মৃতি’ গ্রন্থের ‘ভৃত্যরাজকতন্ত্র’ অধ্যায়ের রবীন্দ্রনাথ ভৃত্যদের মন বুঝে কীভাবে তাদের উদ্দেশে পছন্দের খাবারের কথা উল্লেখ করতেন, তা এইভাবে বলেছেন, ‘কখনো মুড়ি প্রভৃতি লঘু পথ্য, কখনো-বা ছোলাসিদ্ধ চিনাবাদাম-ভাজা প্রভৃতি অপথ্য আদেশ করিতাম।’ এছাড়া ‘যোগাযোগ’ উপন্যাসে বৈকুণ্ঠকে দেখে বিপ্রদাসের বাল্যকালে তাদের স্কুল সংলগ্ন একটা ঘরে বৈকুণ্ঠ বই, খাতা, কলম, ছুরির পাশাপাশি ‘মোড়কে-করা চিনেবাদাম’ বিক্রি করত, তা বিপ্রদাসের মনে পড়ে যায়। এইভাবে রবীন্দ্রনাথ একবার  ‘চিনাবাদাম’ ও একবার ‘চিনেবাদাম’ শব্দ ব্যবহার করেছেন। হয়তো বাংলা সাহিত্যের আরও অনেক লেখক ‘চিনাবাদাম’ শব্দ ব্যবহার করেছেন কিন্তু রবীন্দ্রনাথের মতো সর্বমান্য লেখকের এরকম শব্দ ব্যবহারই বানান-অভিধান-রচয়িতাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে বলে আমার বিশ্বাস। তাই তাঁরা আগুপিছু না ভেবেই ‘চিনাবাদাম’-এর ‘চিনা’ বানান দেখে কতো সহজেই না তৎসম ‘চীন’ শব্দকে অতৎসম শব্দ প্রতিপন্ন করে ‘চীন’ শব্দের বিকল্প বানান ‘চিন’ করে ফেলতে পেরেছেন। রবীন্দ্রনাথের অতিমাত্রায় হ্রস্ব-‘ই’-প্রীতির কথা বলেছেন মণীন্দ্রকুমার ঘোষ, ‘রবীন্দ্রনাথের ঝোঁক হ্রস্ব-ইকারের দিকে, সুনীতিকুমারের আসক্তি দীর্ঘ-ঈকারের প্রতি। ‘ঘটী’ শব্দ সংস্কৃত কিন্তু রবীন্দ্রনাথ লেখেন ‘ঘটি’। ‘নিম্নস্থানস্থিত’ অর্থে ‘নীচ’ শব্দ সংস্কৃত চৈতন্য-শ্লোকাষ্টক, মেঘদূতম্‌, শ্রীমদ্‌ভগবদ্‌-গীতা, মনুসংহিতা, এমনকি ঋগ্‌বেদেও আছে। এইসকল গ্রন্থের সঙ্গে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ পরিচয় ছিল এবং ‘নীচ’ বানান নিশ্চয়ই তিনি বহুবার দেখেছেন। কিন্তু কবির হঠাৎ মনে হল ‘নীচ’ শব্দ ‘below’ অর্থে সংস্কৃত ভাষায় নেই, অতএব তিনি বেশী চিন্তাভাবনা না করেই বিধান দিয়ে বসলেন, “নিচে শব্দটিকে সম্পূর্ণ প্রাকৃত বাংলা বলিয়াই স্বীকার করিয়া থাকি” (শব্দতত্ত্ব)। (বাংলা বানান, মণীন্দ্রকুমার ঘোষ)। রবীন্দ্রনাথের এই হ্রস্ব-ই প্রীতির প্রভাব ‘চিনাবাদাম’ বানানের ক্ষেত্রেও পড়তে পারে। তবে এতকিছু বাদ দিয়ে আসল কথায় আসা যাক। রবীন্দ্রনাথ কি কখনও বিশেষ এই প্রতিবেশী দেশের নাম বোঝাতে ‘চিন’ শব্দ ব্যবহার করেছেন? না, শুধু একবার বাদে তিনি তাঁর বিরাট রচনাসম্ভারে সর্বত্র ‘চীন’ শব্দ ব্যবহার করেছেন। এটা পবিত্র সরকাররা আড়াল করে ঘুরপথে নিজেদের সুবিধামতো এক বিশেষ শব্দকে দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করেছেন। আর একটি আধুনিক দৃষ্টান্ত কীভাবে বানান বিশারদদের এরকম একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট মনে হল, যে ‘চীন’ শব্দ অতৎসম? আর রবীন্দ্রনাথ যে ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থের ৩ সংখ্যক কবিতাতেই একবার মাত্র ‘চিন’ বানান হ্রস্ব-ইকার দিয়ে লিখেছেন, ‘একদা গিয়েছি চিন দেশে/অচেনা যাহার/ ললাটে দিয়েছ চিহ্ন তুমি/ আমাদের চেনা বলে’। আসলে ‘চিহ্ন’ ও ‘চেনা’ শব্দের সঙ্গে মিল রাখতেই রবীন্দ্রনাথ এই কবিতায় ‘চিন’ বানানে হ্রস্ব-ইকার দিয়েছেন। রবীন্দ্রনাথের অতিরিক্ত হ্রস্ব-ইকার প্রীতির যুক্তি এই ‘চিন’ বানানের ক্ষেত্রে প্রযোজ্য নয়; যদি তাই হতো তাহলে অন্য লখাতেও তিনি ‘চিন’ বানানে হ্রস্ব-ইকার দিতেন। সুতরাং পবিত্র সরকাররা ‘চীন’ শব্দকে যে অতৎসম শব্দ প্রতিপন্ন করতে চেয়েছেন তা একেবারেই অযৌক্তিক। এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের সভাপতি রাজশেখর বসু তাঁর ‘চলন্তিকা’ অভিধানে এশিয়ার পূর্বস্থ দেশটির নাম বোঝাতে ‘চীন’ বানান ব্যবহার করেছেন শুধু নয়; ‘চিন’ শব্দের সঙ্গে ‘চীন’ শব্দের অর্থপার্থক্যও নির্দেশ করেছেন। স্বভাবিকভাবেই তিনি ‘চিন’ শব্দের অর্থ করেছেন ‘চিহ্ন’ বা ‘নির্দশন’। দেশনাম বোঝাতে ‘চীন’ ও ‘চিন’ শব্দকে বিকল্প করার আগে; ‘ই’-কার ও ‘ঈ’-কারের পার্থক্য দুই শব্দের মধ্যে যে অর্থপার্থক্যের কারণ হচ্ছে, তা পবিত্র সরকাররা ভেবেই দেখেন নি— এ বড়ো আশ্চর্যের! আর একটা কথা ‘চীন’ শব্দ তৎসম কিন্তু ‘চিনা’ শব্দ কি তৎসম; এমন কি ‘চীনা’ শব্দও কি তৎসম? তৎসম ‘চীন’ শব্দের সঙ্গে বাংলা ‘আ’-প্রত্যয় যুক্ত হয়ে ‘চীনা’ এই সঙ্কর শব্দটির উৎপত্তি হয়েছে। ‘চীনা’ সঙ্কর শব্দ বলেই হয়তো হ্রস্ব-ইকারে আগ্রহী রবীন্দ্রনাথ শব্দটির বানান পরিবর্তন করে ‘চিনা’ করেছেন। আর এই অনুপযুক্ত দৃষ্টান্ত উপস্থাপিত করে পবিত্র সরকাররা কী বলছেন? ‘এই দেশনামটিকে তৎসম হিসেবে গণ্য করা অসংগত’ তারপরই বলছেন, ‘তবু চিন ও চীন বিকল্প রাখা হল’? এ আবার কি যুক্তি রে বাবা! ‘চীন’ বানান অসংগত জেনেও সেই বানানকে তাঁরা বিকল্প  বলে ঘোষণা করছেন! এইভাবে অসংগত বানানকে তাঁরা যদি বিকল্প বানান হিসেবে স্বীকৃত দেন, তাহলে তাঁদের বানান-অভিধানটিই যে অসংগতিতে ভরে যাবে সে-হুঁশ তাঁদের কি আছে? সে আর বলতে! তাঁদের হুঁশ-জ্ঞানের যে প্রচণ্ড অভাব তা তো পরতে পরতে প্রমাণ পাচ্ছি।   


১১.৩ নম্বর সূত্রে বানান অভিধানকারদের বক্তব্য, ‘কাহিনি তদ্ভব শব্দ ( কথনিকা> কহণিআ> কাহিনী/কাহিনি) ফলে এতে ন-এ দীর্ঘ ঈ-কার রাখার কোনো যুক্তি নেই।’ কাহিনী আর কাহিনির মাঝে অব্‌লিক দিয়ে বানান অভিধানকাররা কী প্রমাণ করতে চাইছেন? ‘কহণিআ’ থেকে ‘কাহিনী’র সঙ্গে সঙ্গে ‘কাহিনি’ শব্দেরও উৎপত্তি হয়েছে? আমি এটাই বুঝে উঠতে পারি না, আকাদেমি-বানান-অভিধান-প্রণেতাগণ তো বানানের সমতা বিধান বা বানান-সরলীকরণ করতে চান তাহলে কেন বারবার চালাকির আশ্রয় গ্রহণ করেণ? প্রাচীন-মধ্যযুগের সাহিত্যে তদ্ভব শব্দ হিসেবে ‘কাহিনি’ শব্দের ব্যবহার কি কোথাও আছে? থাকলে তার উল্লেখ করলেন না কেন ওই ‘কঙ্গুচিনা’ শব্দের মতো! জ্ঞানেন্দ্রমোহন ‘কাহিনী’ শব্দের উৎপত্তি দেখিয়েছেন এইভাবে, সংস্কৃত ‘কথন’ থেকে প্রাকৃতে ‘কহনী’, তা থেকে হিন্দিতে ‘কহন’ আর গ্রাম্য উচ্চারণে ‘কহানী’, ‘কাহিন্‌’; মিথিলায় ‘কহনী’, ‘কহনা’, ‘কহাবত’—যার অর্থ করেছেন কথন, বৃত্তান্ত, কথা। উদাহরণ দিয়েছেন, ‘অবধিক আশ ভেল সব কাহিনী’ (বিদ্যাপতি)। জ্ঞানেন্দ্রমোহন মৈথিলি ভাষা থেকে ‘কাহিনী’ শব্দের উদাহরণ দিয়েছেন কিন্তু বহু আগে আদি-মধ্যযুগের বাংলা সাহিত্য ‘শ্রীকৃষ্ণকীর্তন’-এর মধ্যে ‘কাহিনী’ শব্দের প্রয়োগ আছে। হরিচরণ বন্দ্যোপাধ্যায় তাঁর ‘বঙ্গীয় শব্দকোষ’ অভিধানে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ থেকে সে দৃষ্টান্ত উদ্ধৃত করেছেন, ‘স্বরূপেঁ কাহিনী বড়ায়ি কহ’, ‘কহ স্বরূপ কাহিনী’, ‘সুনহ কাহিনী’। আদি-মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত কোনো শব্দের বানানের পরিবর্তন কোনোভাবেই কাম্যও নয়, গ্রহণযোগ্যও নয়। পবিত্র সরকাররাই তো ‘আকাদেমি বানান অভিধান’-এর সিদ্ধান্ত অংশেই অন্যত্র ১৫.১ ও ১৫.২ সূত্রে বলেছেন, ‘সাধারণত অ-তৎসম শব্দে ঐ-কার বা ঔ-কারের বদলে অই বা অউ ব্যবহার প্রয়োজনমতো করা যেতে পারে,...  তবে কৈফিয়ত, চৌবাচ্চা, চৌরঙ্গি, তৈরি, বৈঠক, মৌমাছি... ইত্যাদি বানান প্রচলন মেনে লেখা হবে।’ অথচ দীর্ঘদিনের প্রচলিত ‘কাহিনী’ বানান-পরিবর্তনে তাঁরা এত ব্যস্ত হয়ে পড়লেন! এটা কি স্ববিরোধ হয়ে যাচ্ছে না? 


হরিচরণ বন্দ্যোপাধ্যায় অবশ্য কাহিনী বানানের উৎপত্তি নির্ণয় করেছেন এইভাবে, সংস্কৃত ‘কথানক’/ ‘কথানিকা’ থেকে প্রাকৃতে ‘কহাণঅ’/ ‘কহাণিআ’ তা থেকে বাংলায় (কহানি/কহিনি) ‘কাহিনী’, হিন্দীতে ‘কহানী’, মারাঠী, গুজরাটী ও সিন্ধীতে ‘কহাণী’। বোঝা যাচ্ছে সংস্কৃত ‘কথানক’ বা ‘কথানিকা’ থেকে প্রাকৃতের পথ বেয়ে তদ্ভব রূপে যে শব্দটি উৎপত্তিলাভ করছে সমস্ত আঞ্চলিক ভাষায় সে-শব্দের শেষ স্বরটি দীর্ঘ-ঈ-কার। তবে বাংলা ‘কাহিনী’ উৎপত্তি নির্ণয়ে কেন যে তিনি প্রথম বন্ধনীর মধ্যে ‘কহানি’ বা ‘কাহিনি’ শব্দ রাখলেন বোঝা গেল না! বাংলা সাহিত্যে ‘কাহিনী’ বানান কোথাও কি ‘কহানি’ বা ‘কাহিনি’ হিসেবে ব্যবহৃত হয়েছে? সেরকম কোনো দৃষ্টান্ত তিনি তো অভিধানে দেন নি! অথবা ‘কাহিনী’ শব্দের বিকল্প ‘কাহিনি’ এমনও কোনো ইঙ্গিত দেন নি! তাই আমাদের বিশ্বাস মধ্যযুগের সাহিত্যে সর্বত্র ‘কাহিনী’ বানানে ঈ-কারই দেখা যায়, তাই কোনো কোনো স্থানে ‘কাহিনী’ বানানে ন-এ-ই-কার দিয়ে লেখা হলে সেটা লিপিকর প্রমাদই ধরে নিতে হবে। পূর্বেই বলেছি পুঁথিতে বেশিরভাগ ক্ষেত্রে ই-কার ও ঈ-কারে পার্থক্য যথাযথভাবে মান্য করা হয় নি। আমার সংস্কৃত শিক্ষক, বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্রীনীরদবরণ মণ্ডল মহাশয় ‘কাহিনী’ বানান ঈ-কারান্ত হওয়ার সংগত কারণ ব্যখ্যা করেছেন এইভাবে, “যেহেতু সংস্কৃত ‘কথানিকা’ ‘আ’-প্রত্যয়ান্ত স্ত্রীলিঙ্গের শব্দ তাই আঞ্চলিক ভাষাগুলিতে ‘কাহিনী’ শব্দের স্ত্রীলিঙ্গ বজায় রাখতেই শব্দেটির শেষে ঈ-কারকে স্বীকার করা হয়েছে।” তবে ‘কাহিনী’ শব্দের বানান যে-ভাবেই উৎপত্তিলাভ করুক না কেন, দীর্ঘ ব্যবহারে প্রতিষ্ঠিত কোনো শব্দের বানান-পরিবর্তন কোনোভাবেই সমর্থন করা যায় না। রবীন্দ্রনাথও প্রথা মেনে ‘কাহিনী’ বানান ন-এ-দীর্ঘ-ঈকার দিয়ে লিখতেন।  


১১.৩ নম্বর সূত্রেই বানান-অভিধাণ-রচয়িতাদের নিদান, ‘গাভী-ও তৎসম নয়। ফলে এ শব্দটি ‘গাভি’ হিসেবে লেখাই সংগত।’ বাংলা আভিধানিকদের মতামত কিন্তু অন্যরকম। হরিচরণ বন্দ্যোপাধ্যায় ‘গাবী’/ ‘গাভী’ শব্দের উৎপত্তি নির্ণয় করেছেন এইভাবে, সংস্কৃত ‘গবী’ থেকে পালিতে ‘গাবী’, প্রাকৃতেও ‘গাবী’ তা থেকে বাংলাতেও ‘গাবী’ শব্দের পাশাপাশি ‘গাভী’ শব্দ এসেছে। মধ্যযুগের বাংলায় সাধারণত ‘গাবী’ শব্দেরই প্রয়োগ দেখা যায় (যদিও চর্যাপদে ‘গবিআ’ শব্দের প্রয়োগ লক্ষ করা যায়, তবে মধ্যযুগের বাংলায় ‘গাবী’ শব্দের প্রয়োগই বেশি); হরিচরণ বন্দ্যোপাধ্যায় তা উদাহরণ দিয়ে দেখিয়েছেন। পতঞ্জলি তাঁর ‘মহাভাষ্য’-এর ‘পস্পশাহ্নিক’ অংশে মন্তব্য করেছেন, ‘একৈকস্য হি শব্দস্য বহবোহপভ্রংশাঃ। তদ্‌ যথা গৌরিত্যস্য শব্দস্য গাবী-গোণী-গোতা-গোপোতলিকেত্যেবমাদয়ো বহবোহপভ্রংশাঃ।’ অর্থাৎ ‘এক একটি শব্দের অনেক অপশব্দ। যেমন, গো এই শব্দের গাবী, গোণী, গোতা, গোপোতলিকা ইত্যাদি অনেক অপশব্দ।’ [পস্পশাহ্নিক, মহাভাষ্য, পতঞ্জলি, সম্পাদক- সঙ্ঘমিত্রা সেনগুপ্ত (দাশগুপ্ত), তৃতীয় সংস্করণ, ১৪১৭ বঙ্গাব্দ, পৃ. ৩৪-৩৫]। পতঞ্জলি নির্দেশিত ‘গো’ শব্দের একাধিক অপভ্রংশ রূপের মধ্যে ‘গাবী’ শব্দটি বাংলায় এসেছে আর খুব সম্ভবত এই ‘গাবী’ শব্দের মহাপ্রাণীভবন বা পীনায়ন হওয়ার ফলে ওই শব্দের ‘ব’> ‘ভ’ –তে পরিবর্তিত হয়ে ‘গাভী’ শব্দ উৎপত্তিলাভ করেছে (যেমনভাবে, কাঁটাল>কাঁঠাল-এ পরিণত হয়েছে।)। পীনায়নের ফলে ব্যঞ্জনের পরিবর্তণ হলেও স্বরের কোনো পরিবর্তন হয় না। হয়তো বিষটি উপলব্ধি করতে পেরেই হরিচরণের পাশাপাশি জ্ঞানেন্দ্রমোহন, রাজশেখর বসুও ‘গাভী’ শব্দে ভ-এ-দীর্ঘ-ঈ-কারই দিয়েছেন; শব্দটির বিকল্প হিসেবে ‘গাভি’ শব্দকে উপস্থিত করেন নি। এঁদের মধ্যে রাজশেখর বসু,  কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলা বানানের নিয়ম’ তৈরির জন্য যে সমিতি গঠন করা হয়েছিল তার সভাপতি ছিলেন, তিনিও যুক্তিসংগত কারণেই ‘গাভী’ শব্দকে ‘গাভি’-তে পরিণত করার কোনও চেষ্টা করেন নি। এপ্রসঙ্গে স্মরণ করিয়ে দিই হ্রস্ব-ই-কার ব্যবহারের প্রতি ঝোঁক থাকা সত্ত্বেও রবীন্দ্রনাথ কিন্তু সর্বত্র ‘গাভী’ বানান দীর্ঘ-ঈ-কার দিয়েই লিখেছেন। 


এছাড়া অন্য একটি কারণ এপ্রসঙ্গে কিছুটা হলেও বিচার্য বলে আমার মনে হয়েছে। মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’-এ ‘গাভি’ শব্দের অর্থ রয়েছে ‘অনুপস্থিতি’। দৃষ্টান্ত দেওয়া হয়েছে, ‘গাভির্‌ জন্যি এক্‌ টাকা করি কাটা জাবেক’। রাজশাহী জেলায় এ-শব্দ প্রচলিত বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, বগুড়ার বিস্তৃত অঞ্চলে ‘গাবি’ শব্দের অর্থ ‘অনুপস্থিতি’ বলে উল্লিখিত হয়েছে। দৃষ্টান্ত, ‘তোর এ মাসে কয়দিন্‌ গাবি আসে’। সুতরাং একটা প্রচলিত শব্দের বানান পরিবর্তন করতে গিয়ে বাংলা ভাষারই এক অঞ্চলিক শব্দের সঙ্গে অর্থভ্রান্তি তৈরি করা কোনোভাবেই কাম্য নয়। তাই ‘গাই’ বা ‘ধেনু’ অর্থে ‘গাভী’ শব্দের সঙ্গে ‘অনুপস্থিতি’ অর্থে ‘গাভি’ শব্দের অর্থপার্থক্য বজায় রাখতে ‘গাভী’ বানান দীর্ঘ-ঈ-কার দিয়ে লেখাই উচিত।   

‘আকাদেমি বানান অভিধান’-এ এইসব নানা ভ্রান্তি থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত পত্রপত্রিকার সম্পাদক থেকে শুরু করে প্রকাশক ‘আকাদেমি বানান অভিধান’-এর বানানকে অনুসরণ করতেই নিদান দেন। বাংলা বানান নিয়ে ‘আকাদেমি বানান অভিধান’-প্রণেতাদের খামখেয়ালি তাঁরা কেউ কখনো বিচার করেই দেখলেন না; বিনাবিচারে ‘আকাদেমি বানান অভিধান’-প্রণেতাদের পাপের বোঝা বেশ দায়িত্ব নিয়েই বহণ করে চলেছেন অধুনা বাংলা পত্রপত্রিকা তথা গ্রন্থের সম্পাদক থেকে প্রকাশকগণ—কাদের হাতে আমাদের বাংলা সাহিত্য-চর্চার জগৎ! 


'আকাদেমি বানান অভিধান নাকি ভুল-বানানের সূতিকাগার' — धारावाहिक की विषय-सूची

कुल ३ भाग
१ আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: হসন্ত-বর্জনের ব্যাকরণগত অসংগতি ও শিক্ষার্থীদের বিভ্রান্তি (भाग পর্ব ১)
Nov 2026 →
२ আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: সমাস, প্রত্যয় ও সন্ধির ব্যাকরণগত অসংগতি (भाग পর্ব ২)
Nov 2026 →
३ আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: অতৎসম শব্দের ইতিহাস, ব্যুৎপত্তি ও বানান-বিভ্রান্তি (भाग পর্ব ৩)
वर्तमान भाग
Srinibash Ghosh S
लेखक परिचय
प्रोफ़ाइल →

Srinibash Ghosh

শ্রীনিবাস ঘোষ হুগলি জেলার রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে বাংলা বিষয়ের অধ্যাপক। আগ্রহের বিষয় বাংলা ব্যাকরণ ও মধ্যযুগের বাংলা সাহিত্য। বিভিন্ন পত্র-পত্রিকা ও সমাজ মাধ্যমে এই বিষয়ে চর্চা করে থাকেন।

स्वत्व एवं लाइसेंस: यह रचना CC BY-NC-ND 4.0 लाइसेंस के अंतर्गत प्रकाशित है। मूल लेखक का नाम और ‘आनुपूर्वी’ पत्रिका के संदर्भ के उल्लेख के साथ गैर-व्यावसायिक उपयोग के लिए मुक्त है।
महत्वपूर्ण घोषणा: यहाँ प्रकाशित लेखकों, अतिथियों और अन्य प्रतिभागियों के विचार एवं मत सर्वथा उनके अपने हैं; वे Poorvam की नीति या दृष्टिकोण को प्रतिबिंबित नहीं करते।

Srinibash Ghosh की और रचनाएँ