Skip to main content
विक्रम संवत २०८३
मंगलवार · १० नवंबर २०२६
आनुपूर्वी हिन्दी
✦ अतीत और अनागत के संधिकाल में ✦
आगामी कार्यक्रम 22 Nov 2026
Exploring Enduring Colonialism: Classical Presences and Modern Absences in Indian Philosophy
A Raghuramraju
रचना भेजें

আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: সমাস, প্রত্যয় ও সন্ধির ব্যাকরণগত অসংগতি

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রকাশিত ‘আকাদেমি বানান অভিধান’-এর বানানবিধিতে তৎসম শব্দের সমাস, প্রত্যয় ও সন্ধি-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের ব্যাকরণগত অসংগতি এই প্রবন্ধের মূল আলোচ্য বিষয়। বিশেষত সংস্কৃত ইন্‌-প্রত্যয়ান্ত শব্দের প্রাতিপদিক ও প্রথমার একবচনের রূপের পার্থক্য, সমাসবদ্ধ শব্দে হ্রস্ব ও দীর্ঘ স্বরের প্রয়োগ, বাংলা প্রত্যয়ের সাহায্যে শব্দগঠন, অভূততদ্ভাবে চ্বি-প্রত্যয়ের ব্যবহার এবং সন্ধি-সমাসের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।
আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: সমাস, প্রত্যয় ও সন্ধির ব্যাকরণগত অসংগতি
AIচিত্রটি প্রতীকী এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সহায়তায় নির্মিত
WhatsApp X / Twitter Facebook RSS फ़ीड

“আকাদেমি বানান অভিধান” গ্রন্থে সম্পাদক-মণ্ডলী, সংস্কৃত ব্যাকরণের নিয়ম-বহির্ভূত ‘অনুগামীবৃন্দ’, ‘আগামীকাল’, ‘পরবর্তীকাল’, ‘মন্ত্রীগণ’, ‘মন্ত্রীসভা’, ‘শশীভূষণ’, ‘যশস্বীগণ’ ইত্যাদি শব্দগুলিকে গ্রহণ করার উপদেশ দিয়েছেন। সংস্কৃতব্যাকরণ-নিয়ম-বহির্ভূত এই শব্দগুলিকে বাংলায় গ্রহণযোগ্য করে তুলতে একটি ব্যাকরণ-সূত্রও বাতলেছেন তাঁরা— ‘সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে সংস্কৃত মূল শব্দটিকে দীর্ঘ ঈ-কারান্ত ‘বাংলা শব্দ’ ধরে নেওয়া হোক। অর্থাৎ, সমাস হলেও তার দীর্ঘ ঈ-কারের ব্যত্যয় ঘটানো না হোক।’ (সূত্র- ৪.২)। ব্যাপারটা কী? যেমন, ধরুন, সংস্কৃত ‘-ইন্‌’ প্রত্যয়ান্ত শব্দ ‘আগামিন্‌’, শব্দটির প্রথমার একবচনের রূপ ‘আগামী’; এই ঈ-কারান্ত ‘আগামী’ শব্দটিকে বাংলা-প্রাতিপদিক হিসেবে স্বীকার করতে বলা হচ্ছে। তখন ‘আগামী’ প্রাতিপদিকের সঙ্গে ‘কাল’ শব্দকে সমাসবদ্ধ করে ‘আগামীকাল’ শব্দ গঠনে কোনো সমস্যা হয় না। কিন্তু সংস্কৃত নিয়মে ‘আগামিন্‌’ প্রাতিপদিকের সঙ্গে ‘কাল’ শব্দের সমাস হয়ে ‘আগামিকাল’ শব্দটি গঠিত হবে। সম্পাদকদের বক্তব্য, ‘আগামীকাল’ শব্দটিই বাংলায় গ্রহণযোগ্য; ‘আগামিকাল’ শব্দটি নয়। বেশ, ‘আগামীকাল’ এই সমাসবদ্ধ শব্দটি অতৎসম শব্দ, ফলে শব্দটিকে ওইরকম বাংলা নিয়মে গঠিত করলে আমাদের আপত্তি নেই। ‘পরবর্তীকাল’ শব্দটি সম্বন্ধেও একই যুক্তি প্রযোজ্য। কিন্তু ‘অনুগামীবৃন্দ’, ‘মন্ত্রীগণ’, ‘মন্ত্রীসভা’, ‘শশীভূষণ’, ‘যশস্বীগণ’ প্রভৃতি শব্দ-গঠনে বাংলা নিয়ম আরোপ একেবারেই অনুচিত। কেননা, শব্দগুলি তৎসম শব্দ। শব্দগুলিকে সংস্কৃত ব্যাকরণের নিয়মে গঠন করলে হয়, ‘অনুগামিবৃন্দ’, ‘মন্ত্রিগণ’, ‘মন্ত্রিসভা’, ‘শশিভূষণ’, ‘যশস্বিগণ’। ‘অনুগামিন্‌’ শব্দের সঙ্গে ‘বৃন্দ’ শব্দের সমাসে ‘অনুগামিবৃন্দ’, ‘মন্ত্রিন্‌’ শব্দের সঙ্গে ‘গণ’ ও ‘সভা’ শব্দের সমাসে ‘মন্ত্রিগণ’ ও ‘মন্ত্রিসভা’, ‘শশিন্‌’ শব্দের সঙ্গে ‘ভূষণ’ শব্দের সমাসে ‘শশিভূষণ’, ‘যশস্বিন্‌’ শব্দের সঙ্গে ‘গণ’ শব্দের সমাসে ‘যশস্বিগণ’ শব্দ গঠিত। লক্ষ করুন প্রতিটি সমাসবদ্ধ শব্দের পূর্বপদ ও পরপদ তৎসম শব্দ। ফলে সংস্কৃত ব্যাকরণের নিয়মেই শব্দগুলিকে গঠন করা যুক্তিসঙ্গত। তৎসম শব্দের পরিবর্তন না-করার প্রতিশ্রুতি দিয়েও সম্পাদকমণ্ডলী তা মানেন নি; যার ফল হয়েছে মারাত্মক। বাংলা-বানান-সমতার পরিবর্তে বাংলা বানান নিয়ে বিভ্রান্তিই তৈরি হয়েছে।   

অন্যদিকে বলা যায়, সম্পাদকমণ্ডলী যদি নতুন নিয়মের আমদানি করে বানানের সমতাবিধান করতেই চান, তাহলে সবক্ষেত্রে একই নিয়ম করা যুক্তিসঙ্গত। অর্থাৎ সমাসের মতো প্রত্যয়ের ক্ষেত্রেও সংস্কৃত শব্দের প্রথমার একবচনকেই বাংলা-প্রাতিপদিক হিসেবে গণ্য করা উচিত। কিন্তু তা তো হচ্ছে না। ‘-ত্ব’, ‘-তা’ প্রত্যয় যুক্ত করার সময় সংস্কৃত শব্দের প্রথমার একবচনের পরিবর্তে সংস্কৃত প্রাতিপদিককেই বাংলা প্রাতিপদিক হিসেবে গ্রহণ করার কথা বলা হচ্ছে। যেমন, ‘তেজস্বিন্‌’ সংস্কৃত প্রাতিপদিক তার প্রথমার একবচনের রূপ ‘তেজস্বী’। এবার যখন ‘-তা’ প্রত্যয় যুক্ত করা হবে তখন তা সংস্কৃত প্রাতিপদিক ‘তেজস্বিন্‌’ শব্দের উত্তরই যুক্ত করার কথা বলা হচ্ছে; ‘তেজস্বী’ শব্দের উত্তর নয়। অর্থাৎ ‘-তা’ প্রত্যয়ান্ত শব্দটি হবে ‘তেজস্বিতা’; ‘তেজস্বীতা’ নয়। তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন? 

সংস্কৃতে সমস্যমান একাধিক শব্দ সমাসবদ্ধ হবার সময় প্রাতিপদিকরূপেই পরস্পরের সঙ্গে যুক্ত হয়; প্রত্যয়ের ক্ষেত্রেও প্রাতিপদিকের উত্তরই প্রত্যয় যুক্ত হওয়ার নিয়ম। কিন্তু বাংলার বিবেকবানেরা বিষয়টি অনুধাবন করতে না-পেরে অকারণ জটিলতা পাকিয়েছেন। তৎসম শব্দের বানান পরিবর্তনের মতো দুর্বুদ্ধি তাঁদের না হলে এ-সমস্যা তৈরি হতো না। তাঁরা বিদ্যার বহর প্রদর্শনে একের পর এক নিদান দিয়েছেন কিন্তু মূল সমস্যা সমাধানে নিজেদের অক্ষমতার পরিচয় রেখেছেন।  অথচ খুব সহজে, দুভাবে এই সমস্যার সমাধান তাঁরা করতে পারতেন ১। যে-সমস্ত অতৎসম শব্দ সংস্কৃত ব্যাকরণের নিয়ম লঙ্ঘন করে গঠিত হয়েছে, সেগুলির জন্য যথাযথ নতুন সূত্র নির্মাণ  করে। ২। অতৎসম শব্দের নিরিখে তৎসম শব্দের বিচার না করে বা উল্টোটাও না করে, তৎসম শব্দকে সম্পূর্ণরূপে অবিকৃত রেখে। নতুনভাবে বানান-সংস্কার যখন হচ্ছে, তখন তা যুক্তিসঙ্গত হওয়াই উচিত ছিল না কি? যুক্তির মাথা খেয়ে এই ভ্রান্তিময় সংস্কার না-হলেই যে মঙ্গল হতো, তা অভিনবত্ব প্রদর্শনে যশোলিপ্সু সম্পাদকদের বোঝায় কে? আর কিছু না হোক, তাঁরা বুঝলে অন্তত আপামর বাঙালি শিক্ষার্থী ভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত হয়ে স্ববিচারের উপর নির্ভর করে গ্রহণযোগ্য বানানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারত। 

বিষয়টি বানানের নয়, ব্যাকরণের— তা এই পবিত্রদের বোঝায় কে?

৪.১ নম্বর সূত্রে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত, ‘তৎসম শব্দের ক্ষেত্রে  যেখানে হ্রস্ব ই উ/ ই-কার উ-কার এবং দীর্ঘ ঈ ঊ/ঈ-কার ঊ-কার দুটি রূপই প্রচলিত ও গৃহীত, সেখানে সাধারণভাবে হ্রস্ব বিকল্পটিকেই গ্রহণ করা পূর্বোক্ত কারণেই যুক্তিসংগত।’ অর্থাৎ যেসব বানানে ই-কার, ঈ-কার অথবা উ-কার, ঊ-কার উভয়ই সিদ্ধ সেইসব বানানের ক্ষেত্রে  বাংলা-উচ্চারণ বৈশিষ্ট্যের কারণে হ্রস্ব-কারযুক্ত বানানকে গ্রহণ করা উচিত। তাই বাংলায় দীর্ঘকাল প্রচলিত ‘-আবলী’ বানানকে ‘-আবলি’ রূপে লেখার নিদান দিয়েছেন তাঁরা। অর্থাৎ ‘পদাবলী নয় ‘পদাবলি’, ‘রচনাবলী’ নয় ‘রচনাবলি’, দীপাবলী’ নয় ‘দীপাবলি’ প্রভৃতি বানানকে তাঁরা গ্রহণ করার কথা বলেছেন। কী আশ্চর্য! সম্পাদকমণ্ডলী তথা পবিত্র সরকারেরা যে-সমস্ত বানানকে সংস্কৃতব্যাকরণের সূত্রের সঙ্গে মেলাতে পেরছেন না সে-সমস্ত বানানের ক্ষেত্রে তাঁরা হ্রস্ব-দীর্ঘ স্বরের বিচার জলাঞ্জলি দিয়ে দীর্ঘস্বরযুক্ত বানানকে গ্রহণ করার কথা বলছেন। কিন্তু দীর্ঘকাল-প্রচলিত বাংলা বানানের নির্দ্বিধায় পরিবর্তন ঘটাচ্ছেন বাংলা-উচ্চারণ-রীতিকে প্রাধান্য দিয়ে। সংস্কৃত-ব্যাকরণ-বহির্ভূত হওয়া সত্ত্বেও ‘শশীভূষণ’, ‘মন্ত্রীগণ’, ‘অনুগামীবৃন্দ’ প্রভৃতি ঈ-কারযুক্ত বানানকে বাংলায় সিদ্ধ বলে প্রতিপন্ন করছেন, কিন্তু বাংলায় দীর্ঘকাল প্রচলিত থাকা সত্ত্বেও ‘পদাবলী’, ‘রচনাবলী’ নয় ‘পদাবলি’, ‘রচনাবলি’ বানানকে গ্রহণ করার নিদান দিচ্ছেন। হায়, দিঙ্‌নির্দেশকগণ! যেখানে আপনারাই দিশাহীন সেখানে অন্যদের দিশা দেখানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন কোন্‌ ঐশ্বরিক শক্তিতে! এ যে বানানের সমতাবিধান করতে এসে নিজেদের অক্ষম কৃতিত্ব-প্রদর্শনে বানানের বৈষম্যকে বাড়িয়ে তোলা ছাড়া অন্যকিছু নয়! 

সম্পাদকমণ্ডলী ওরফে পবিত্র সরকারদের বক্তব্য, ‘সংস্কৃত ইন্‌-প্রত্যয়ান্ত শব্দগুলি (অধিকারিন্‌, অভিমুখিন্‌, আততায়িন্‌, একাকিন্‌, কৃতিন্‌, গুণিন্‌, জ্ঞানিন্‌, তন্ত্রিন্‌, দ্বেষিন্‌, বিদ্রোহিন্‌, মন্ত্রিন্‌, রোগিন্‌, শশিন্‌, সহযোগিন্‌ ইত্যাদি) কর্তৃকারকের একবচনে দীর্ঘ ঈ-কারান্ত হয় এবং এই দীর্ঘ ঈ-কারান্ত রূপেই এগুলি বাংলা শব্দে পরিণত—অধিকারী অধিবাসী অভিমুখী আততায়ী একাকী কৃতী গুণী জ্ঞানী তন্ত্রী দ্বেষী ধনী পক্ষী বিদ্রোহী মন্ত্রী রোগী শশী সহযোগী ইত্যাদি।’ (সূত্র- ৪.২)। দেখুন কী মারাত্মক ভুল! ‘সংস্কৃত ইন্‌-প্রত্যয়ান্ত শব্দগুলি কর্তৃকারকের একবচনে দীর্ঘ ঈ-কারান্ত হয়!’ সংস্কৃত বিভক্তি আর কারককে অনেক বাঙালি গুলিয়েছেন, কিন্তু এতগুলো মাথা যেখানে একসঙ্গে কাজ করছে সেখানেও এই ভুল! সংস্কৃত ইন্‌-প্রত্যয়ান্ত শব্দগুলি প্রথমার একবচনে ঈ-কারান্ত হয়; কর্তৃকারকের জন্য নয়। যেমন, ‘অধিকারিন্‌’ শব্দের প্রথমার একবচনের রূপ ‘অধিকারী’। প্রথমার একবচন আর কর্তৃকারক কি এক! প্রথমার একবচন হচ্ছে বিভক্তি, অন্যদিকে কর্তৃকারক তো বিশেষ এক কারক—এই দুইকে গুলিয়ে ফেললে চলবে কেন! তাঁরা বলছেন, ‘সংস্কৃত ব্যাকারণের নিয়মে সমাসবদ্ধ কিংবা সংস্কৃত প্রত্যয় যুক্ত হলে এইসব শব্দের দীর্ঘ ঈ-কার আবার হ্রস্ব ই-কারে ফিরে যায়।’ হায়! হায়! সংস্কৃত ব্যাকরণে যাঁদের এই করুণ দশা তাঁরা ঠিক করতে বসেছেন তৎসম শব্দের বানান! একথা পূর্বেও বহুবার বলেছি সংস্কৃতে সমাস হয় প্রাতিপদিকের সঙ্গে প্রাতিপদিকের আর “ন-লোপঃ প্রাতিপদিকান্তস্য’’—এই সূত্রানুসারে প্রাতিপদিকের অন্তস্থিত ন-কারের লোপ হয়। তাই ‘শশিন্‌ ও ‘ভূষণ’ (শশির ভূষণ=শশিভূষণ) শব্দদ্বয় সমাসবদ্ধ হয়ে ‘শশিভূষণ’ হয়। ‘শশিন্‌’ শব্দ ‘ভূষণ’ শব্দের সঙ্গে সমাসবদ্ধ হওয়ার সময় অন্ত্য ন-কার লুপ্ত হয়ে যায়। এই বিষয়টি তাঁদের চোখে এইভাবে ধরা পড়ল শুধু ই-কার ও ঈ-কারের বিবর্তন! কী আর বলি! 

৪.৩ নং সূত্রে বানান অভিধানকারদের বক্তব্য, ‘কোনো কোনো তৎসম শব্দে বাংলা প্রত্যয় –ই লাগিয়ে বিশেষণ করা যায়, আবার বিশেষ্যরূপেও তা ব্যবহৃত হতে পারে যেমন : উত্তরপ্রদেশি উদয়পুরি, কৃত্তিবাসি, জনকপুরি, জনসংঘি, তৃণমূলি, দক্ষিণি, দেশি, প্রণামি, পশ্চিমি, প্রসাদি, (-ফুল), বয়সি, বিদেশি বিহারি, মণিপুরি, রামপ্রসাদি, স্বদেশি, হিন্দুস্থানি ইত্যাদি।’ (পণ্ডিত থেকে বিশেষ্য পণ্ডিতি-তেও হ্রস্ব ই-কার প্রযোজ্য)। উক্ত দৃষ্টান্তগুলি তৎসম শব্দের দৃষ্টান্ত নাকি? এ তো দেখছি পাগলের প্রলাপ! সহজভাবে বক্তব্যকেও উপস্থাপিত করতে পারেন না তাঁরা! আচ্ছা,  ‘কোনো কোনো তৎসম শব্দে বাংলা প্রত্যয় –ই লাগিয়ে বিশেষণ করা যায়’ এটা কী বাংলা ভাষার বৈশিষ্ট্য নাকি সম্পাদকমহোদয়েরা নিদান দিচ্ছেন? তাঁদের বক্তব্য দেখে মনে হচ্ছে এটা বাংলা ভাষার একটা স্বভাবিক বৈশিষ্ট্য। কিন্তু না, এ আসলে বানান অভিধানকারদের নিদান। বাংলায় কোনো শব্দকে বিশেষ্য থেকে বিশেষণ করতে হলে সেই শব্দের উত্তর ঈ-প্রত্যয় যুক্ত করা হয়। যেমন, পণ্ডিত থেকে পণ্ডিতী, মাস্টার থেকে মাস্টারী, কবিরাজ থেকে কবিরাজী, কাশ্মির থেকে কাশ্মিরী, গুজরাট থেকে গুজরাটী ইত্যাদি। আর ই-প্রত্যয় যুক্ত করলে সাধারণত পেশা বোঝায়; যেমন, মাস্টারি, কবিরাজি, দালালি ইত্যাদি। অনেক সময় ঈ-কার যোগ করেও পেশা বোঝায়; যেমন, তেল থেকে তেলী, ঢাক থেকে ঢাকী, ঢোল থেকে ঢুলী ইত্যাদি। সুনীতিকুমার চট্টোপাধ্যায়, জগদীশচন্দ্র ঘোষ, বামনদেব চক্রবর্তীর মতো বৈয়াকরণেরা সেরকম দৃষ্টান্তই আমাদের সম্মুখে উপস্থিত করেছেন। কিন্তু ই-প্রত্যয় যোগ করে কোনো শব্দকে বিশেষণ করার নিয়ম তো বাংলায় নেই! অন্তত সেরকম দৃষ্টান্ত দেখা যায় না। এমনকি তৎসম ‘পণ্ডিত’ শব্দের উত্তর ই-প্রত্যয় যোগে শব্দটিকে বিশেষণ করার নিয়ম কোনো বৈয়াকরণ বলেন নি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ‘ভাষা-প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ গ্রন্থে মন্তব্য করেছেন, ‘সম্বন্ধ, সংযোগ, শীল, ধর্ম, ব্যবসায়, আজীবিকা বুঝাইতে বিশেষ্য ও বিশেষণে এই ঈ-কারের প্রয়োগ হয়...।’ (সপ্তম সংস্করণ, পৃষ্ঠা-১৫৯)। তাঁর দেওয়া কয়েকটি দৃষ্টান্ত, ভারী, দাগী, দেশী, রাঢ়ী, কানাড়ী, মারহাট্টী, গুজরাটী ইত্যাদি। সুতরাং দেখতে পাচ্ছি, কোনো অঞ্চলকে কেন্দ্র করে যে-সমস্ত বিশেষণ তৈরি হচ্ছে তাও ঈ-প্রত্যয় যোগ করে। অভিধান সম্পাদকেরা মাঝে মাঝেই যে বলেছেন, তাঁরা প্রচলিত বাংলা বানান রক্ষার পক্ষে তাহলে এখানে আবার উল্‌টো সুর কেন? নিজেদের অভিনবত্ব প্রদর্শনে বাংলা বানান নিয়ে এইভাবে ছেলেখেলা না করলেই নয়!   

এরপর তাঁদের বাক্তব্য, ‘এই প্রত্যয় [-ই] অর্থ বা প্রয়োগের দিক থেকে সংস্কৃত ইন্‌ বা বিন্‌ সমতুল্য নয়। তাই এ ধরণের নানা শব্দে লিঙ্গান্তরের ক্ষেত্রে বাংলা –নি প্রত্যয় ব্যবহৃত হতে পারে। যেমন: স্বদেশিনি।’ আশ্চর্য! –ই প্রত্যয় সংস্কৃত ইন্‌ বা বিন্‌ প্রত্যয়ের সমতুল্য নয় বলে লিঙ্গান্তরের ক্ষেত্রে –নী প্রত্যয় না হয়ে –নি প্রত্যয় হবে কেন? আজব যুক্তি! এ যেন সেই মেষশাবককে দেওয়া ব্যাঘ্রের যুক্তি। স্বদেশিনী বানানে সমস্যা কোথায়? –ইন্‌ প্রত্যয়ান্ত ‘তেজস্বিন্‌’ শব্দের প্রথমার একবচনের রূপ ‘তেজস্বী’ তার স্ত্রীলিঙ্গ ‘তেজস্বিনী’ হতে পারে কিন্তু তাঁদেরই নির্দেশিত ‘স্বদেশি’ (প্রকৃতপক্ষে বানানটি হওয়া উচিত স্বদেশী) শব্দের স্ত্রীলিঙ্গ ‘স্বদেশিনী’ না হয়ে ‘স্বদেশিনি’ হবে কেন? ঠিক বানানটি স্বদেশী হলেও তার স্ত্রীলিঙ্গ স্বদেশিনী হতে বাধা নেই। বাংলা ভাষার স্বভাবিক বৈশিষ্ট্যানুসারে –নী প্রত্যের আগের ঈ-কারটি ই-কার হয়ে যায়। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা আসলে ইন্‌-প্রত্যয়ান্ত সংস্কৃত শব্দের প্রভাব। এ-প্রভাব স্বীকার করলে কোনো সমস্যা হওয়ার তো কথা নয়। সেটাকে পাল্টানোর অর্থ অকারণ বাংলা বানানে জটিলতা সৃষ্টি  করা। ভিখারী শব্দের স্ত্রীলিঙ্গ ভিখারিনী, পূজারী শব্দের স্ত্রীলিঙ্গ পূজারিনী, মালী শব্দের স্ত্রীলিঙ্গ মালিনী-ই স্বভাবিক। অকারণ ভিখারিনি, পূজারিনি, মালিনি বানানের জন্ম দিয়ে বিভ্রান্তি তৈরি করা কেন? 

৪.৪ সূত্রে সম্পাদকমণ্ডলীর বক্তব্য, ‘‘পূর্বে ছিল না পরে হয়েছে’ এই অর্থে সংস্কৃত নিয়মে অভূত তদ্‌ভাবে –চি প্রত্যয় যোগ করলে প্রত্যয়-পূর্ব শব্দের সঙ্গে ঈ-কার যুক্ত হয়। যেমন : সমীকরণ বশীকরণ ইত্যাদি। এবং পূর্বপদে হ্রস্ব উ থাকলে দীর্ঘ ঊ হয় : যথা লঘূকরণ।’ হায় হায় বাংলা একাদেমি বানান অভিধানের সম্পাদকমণ্ডলী প্রকৃত সংস্কৃত প্রত্যয়টিই জানেন না! প্রত্যয়টি যে –চি নয়, –চ্বি! প্রথমে ভেবেছিলাম ওটা মুদ্রণ-প্রমাদ, কিন্তু অবাক হয়ে লক্ষ করলাম পরের সংস্করণেও ওই একই ভুল! অর্থাৎ এটা পবিত্র সরকারদের অজ্ঞতা ছাড়া অন্যকিছু হতেই পারে না। কিন্তু আমি আরও অবাক হচ্ছি এটা ভেবে যে, তাঁরা একটি সংস্কৃত ব্যাকরণের সূত্রও কী ঠিকঠাক অনুধাবন করতে পারেন না! সংস্কৃত ব্যাকরণের (ব্যাকরণ-কৌমুদী) সূত্রানুসারে ‘অভূত তদ্‌ভাবে –চি [-চ্বি] প্রত্যয়’ হলে প্রত্যয় পূর্ববর্তী শব্দের অন্তবর্ণটি সাধারণত দীর্ঘ হয়; যেমন, ‘লঘূকরোতি’। এছাড়া প্রত্যয়পূর্ববর্তী অন্তবর্ণটির আর যে পরিবর্তনগুলি হয় তা এইরূপ—অ স্থানে ঈ (শুক্লীভবতি), ঋ স্থানে রী হয় (শ্রোত্রীভবতি), অরুস্‌ (আরূকরোতি), মনস্‌, চক্ষুস্‌, চেতস্‌, রহস্‌, রজস্‌ ইত্যাদি শব্দের অন্তবর্ণ লুপ্ত হয়। এছাড়া আরও কিছু নিয়মের কথা বলা আছে। শুধু ই-কারের ঈ-কার হওয়া বা উ-কারের ঊ-কারে পরিণত হওয়া –চ্বি প্রত্যয়ের বৈশিষ্ট্য নয়। 

এ-বক্তব্যের অব্যবহিত পরেই সম্পাদকমণ্ডলীর অভিমত, ‘বর্তমানে প্রচলিত বাংলা লেখায় এই নিয়ম সর্বত্র ও সর্বদা অনুসৃত হয় না। সুতরাং এই-ধরণের নতুন শব্দ তৈরির ক্ষেত্রে পদ্ধতি হবে : মূলশব্দ + -করণ –ভবন। এইসব ক্ষেত্রে প্রথম পদের শেষে স্বর অপরিবর্তিত থাকবে। উদাহরণ : অন্ধকরণ আর্দ্রভবন (hydration) চারুকরণ (beautification) নগদকরণ (encashment) বন্ধ্যাকরণ বহুকরণ (multiplication) বিরাষ্ট্রীয়করণ মেরুকরণ (polarisation) রাষ্ট্রায়ত্তকরণ শুদ্ধকরণ ইত্যাদি। সেইভাবে লঘুকরণও গ্রহ্য হবে।’ 

 -চ্বি প্রত্যয় সংস্কৃত প্রত্যয়। ফলে বাংলা, সংস্কৃত নির্বিশেষে কোনো শব্দের উত্তর –চ্বি প্রত্যয় যুক্ত করে শব্দগঠন করতে হলে সংস্কৃত ব্যকরণের নিয়মেই তা করা যুক্তিসঙ্গত। প্রচলিত বাংলা লেখায় যদি সে-নিয়ম অনুসৃত না হয়ে থাকে, তাহলে সেটা ভুল প্রয়োগ। কিন্তু ভুল প্রয়োগকেই বৈধতা দেওয়ার জন্য এতো মাথাব্যথা কিসের? তাছাড়া সম্পাদকমণ্ডলীর দেওয়া দৃষ্টান্তগুলি সবই যে “কৃভ্বস্তিযোগেঅভূত-তদ্ভাবে চ্বি’’ প্রত্যয় হয়ে গঠিত হয়েছে এমন ভাবার কারণ নেই।  যেমন, চারুশিল্প। এখানে -চ্বি প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি তৈরি হয় নি। শব্দটি গঠিত হয়েছে সম্বন্ধ তৎপুরুষ সমসের মাধ্যমে; চারুর শিল্প=চারুশিল্প। ফলে –চ্বি-প্রত্যয়ের সূত্রানুসারে পূর্ব স্বর দীর্ঘ হচ্ছে না। আবার বাংলায় কোনো শব্দের উত্তর ‘-করণ’ বা ‘-ভবন’ শব্দ যোগ করলেই যে ‘-করণ’ বা ‘-ভবন’ যুক্ত শব্দটি ‘অভূত তদভাবে –চ্বি প্রত্যয়’ হয়েই গঠিত হয়েছে, এমন নাও হতে পারে। যেমন, নীরোগদের ভবন=নীরোগভবন (উচ্চতর বাংলা ব্যাকরণ, বামনদেব চক্রবর্তী)। ফলে আজেবাজে মনগড়া বানান-বিধান না তৈরি করে যুক্তিপূর্ণবভাবে বাংলা বানানকে বিশ্লেষণ করে তারপরই বানানের পথনির্দেশ করা উচিত। আর তাই ‘অন্ধকরণ’, ‘চারুকরণ’, ‘নগদকরণ’, বহুকরণ’ ‘মেরুকরণ’, প্রভৃতি বানানেরর ক্ষেত্রে ‘বর্তমানে প্রচলিত বাংলা লেখায় এই নিয়ম (-চ্বি প্রত্যয় হলে প্রত্যয়ের পূর্ববর্তী স্বর দীর্ঘ হবে বা অ বর্ণ ঈ-এ পরিণত হবে বা ঋ, রী-তে পরিণত হবে) সর্বত্র ও সর্বদা অনুসৃত হয় না’ –এইরকম দুর্বল যুক্তি না দিয়ে, বলা উচিত উক্ত শব্দগুলি সম্বন্ধ তৎপুরুষ সমাসের ফলে গঠিত হয়েছে, তাই –চ্বি প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হওয়া শব্দের নিয়ম এখানে প্রযুক্ত হয় নি। অন্যদিকে যে-শব্দগুলি -চ্বি প্রত্যয় যুক্ত হয়েই গঠিত হয়েছে বা সেইরূপ অর্থ প্রদান করছে, সেই শব্দের বানান সংস্কৃত ব্যাকরণের সূত্রানুসারী হওয়াই উচিত। যেমন, লঘূকরণ, দূরীকরণ, জাতয়ীকরণ, সমীকরণ, একত্রীভবন, নবীভবন ইত্যাদি। আসলে এখানে বিষয়টি বানানের নয়, ব্যাকরণের— তা এই পবিত্রদের বোঝায় কে?   

‘আকাদেমি বানান অভিধান’-এ ৫.২ নম্বর সিদ্ধান্ত-সূত্রে বলা হয়েছে, ‘‘মনমোহন’ এই বানান কোনো কোনো নামে, বিশেষত অবাঙালি নামে দেখা গেলেও, বাংলা বিশেষণ ও নামশব্দ হিসেবে তৎসম মনোমোহন-ই গ্রহণীয়। তবে ‘মন’ শব্দটিকে বাংলা শব্দ ধরে তাকে পূর্বপদ হিসেবে রেখে সমাস করলে ও-কার যোগ হবে না। যেমন, মনপছন্দ, মনপবন, মনভোমরা, মনমাঝি, মনমেজাজ ইত্যাদি। ক্বচিৎ সন্ধির ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। যেমন, মনান্তর।’ 

পবিত্র সরকারদের এই সন্ধি ও সমাসের পৃথকীকরণ থেকে বোঝা যাচ্ছে ব্যাকরণের এই প্রাথমিক বিষয়েও তাঁদের ধারণা পরিষ্কার নয়। দুটি পদ সমাসবদ্ধ হলে, সমাসবদ্ধ পদটির পূর্বপদের শেষ বর্ণের সঙ্গে পরপদের প্রথম বর্ণের মধ্যে যে সন্ধিও হতে পারে তাঁদের এ-বোধও নেই! যেমন, মনকে মোহিত করে যে= মনোমোহী; এখানে শব্দটি যেহেতু তৎসম সেহেতু সংস্কৃত ‘মনঃ’ শব্দের সঙ্গে ‘মোহী’ শব্দের সন্ধি হয়ে ‘মনোমোহী’ (মনঃ+মোহী) শব্দটি গঠিত হয়েছে। 

এই সূত্রেই বালা যায়, ‘‘মন’ শব্দটিকে বাংলা শব্দ ধরে তাকে পূর্বপদ হিসেবে রেখে সমাস করলে’ও সেখানে যদি সন্ধির অবকাশ থাকে, তাহলে ‘মন’ শব্দ সন্ধির ফলে ‘মনো’ হয়ে যেতেই পারে। যেমন, মনের উপযোগী= মনোপযোগী। এখানে ‘মন’ ও ‘উপযোগী’ শব্দদ্বয়ের মধ্যে সমাস হওয়ার পাশাপাশি সন্ধিও হয়েছে। মন+উপযোগী= মনোপযোগী; সন্ধিসূত্রানুসারে ‘অ’ ও ‘উ’ মিলে গিয়ে হয়েছে ‘ও’-কার। ফলে ‘‘মন’ শব্দটিকে বাংলা শব্দ ধরে তাকে পূর্বপদ হিসেবে রেখে সমাস করলে ও-কার যোগ হবে না’—এ-সিদ্ধান্ত অযৌক্তিক।

আসলে পবিত্র সরকাররা তৎসম শব্দের বানান নিয়ে বেশি পরীক্ষানিরীক্ষা করতে গিয়েই বিভিন্নধরণের গণ্ডগোল পাকিয়েছেন। তৎসম শব্দের বানান সম্পর্কে তাঁরা বলেছেন, ‘সংস্কৃত ভাষার যে সব শব্দ যা তৎসম ঋণশব্দ রূপে বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে তার বানান সংস্কৃত ব্যাকরণ সূত্রানুযায়ী পূর্বনির্ধারিত, সেগুলি ইচ্ছাকৃত পরিবর্তনের কোনো প্রশ্নই ওঠে না।’ কিন্তু কার্যক্ষেত্রে তাঁরা তৎসম শব্দের বানান ইচ্ছামতো পরিবর্তন করেছেন; আর তাতেই যতো বিভ্রান্তি তৈরি হয়েছে—বানানের সমতাবিধান তো দূরের কথা। 

মনপছন্দ, মনপবন, মনভোমরা, মনমাঝি, মনমেজাজ ইত্যাদি সমাসবদ্ধ শব্দগুলি অতৎসম শব্দ। ফলে শব্দগুলি সমাসবদ্ধ হওয়ার সময় সংস্কৃত সূত্র অনুসরণ করে নি। অতৎসম শব্দের ক্ষেত্রে সংস্কৃত সূত্র অনুসৃত না হতেই পারে। তাছাড়া এখানে সমাসবদ্ধ দুই পদের মধ্যে কোনো সন্ধি হওয়ারও অবকাশ নেই; ফলে ‘মন’ শব্দ অবিকৃত আছে। ‘মন’ ও ‘উপযোগী’ শব্দদ্বয়ের মধ্যে সমাসের পাশাপাশি সন্ধিবদ্ধ হওয়ার অবকাশ থাকায় দুই শব্দ মিলিত হয়ে ‘মনোপযোগী’ হয়েছে—তা তো পূর্বেই দেখিয়েছি। কিন্তু মনোমোহন বা মনোমোহিনী, মনোদীপ, মনোহরণ, মনোযোগ, মনোগামী, মনোনির্ভর, মনোরুদ্ধ, মনোভিলাষ প্রভৃতি তৎসম শব্দে ‘মন’ শব্দকে নয়, ‘মনঃ’ শব্দকেই পূর্বপদ হিসেবে স্বীকার করতে হবে তখন শব্দগুলি সংস্কৃত বিসর্গ সন্ধির সূত্রকে অনুসরণ করবে। যেমন, মনঃ+ মোহন= মনোমোহন, মনঃ+ দীপ= মনোদীপ, মনঃ+ হরণ= মনোহরণ ইত্যাদি। অনুরূপ নিয়ম ‘চক্ষু’ ও ‘ছন্দ’ শব্দসহযোগে সৃষ্ট সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রেও প্রযোজ্য। ‘চক্ষূরত্ন’ (চক্ষুঃ+রত্ন), ‘চক্ষূরোগ’ (চক্ষুঃ+রোগ), ছন্দোবদ্ধ (ছন্দঃ+বদ্ধ) প্রভৃতি তৎসম শব্দ তাই সংস্কৃত ব্যাকরণের নিয়মানুসারে ‘চক্ষুঃ’ ও ‘ছন্দঃ’ শব্দকেই মূলশব্দ হিসেবে ধরতে হবে; তা না হলে বিসর্গ সন্ধির সূত্রানুসারে ‘চক্ষূ’ বানানে ‘ঊ’-কার বা ‘ছন্দো’’ বানানে ‘ও’-কার হবে না।  কিন্তু অতৎসম শব্দের (সমাসনিষ্পন্ন শব্দ হিসেবে) ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় বলেই ‘ছন্দগুরু’, ‘ছন্দবিজ্ঞান’, ‘ছন্দমুক্তি’, ‘ছন্দলিপি’ প্রভৃতি শব্দের বানানে ‘ন্দ’-এ, ‘ও’-কার হয় নি। আর শুধু ‘চক্ষু’, ‘ছন্দ’ বা ‘মন’ শব্দই বা কেন সমস্ত তৎসম শব্দ সমসাসবদ্ধ বা সন্ধিবদ্ধ হওয়ার সময় সংস্কৃত ব্যাকরণের নিয়মকে অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। 

পরিশেষে বলি, ‘আকাদেমি বানান অভিধান’-এ এতো এতো ত্রুটিপূর্ণ ও সঙ্গতিহীন সিদ্ধান্ত দেখে আমার দৃঢ় বিশ্বাস, অভিধানের সম্পাদকমণ্ডলী হিসেবে একাধিক নাম থাকলেও এই অভিধান তৈরিতে সকলকে ছাপিয়ে মূল ভূমিকা পালন করেছেন সংস্কৃত-অজ্ঞ পবিত্র সরকার। তা না হলে সংস্কৃত ব্যাকরণের প্রাথমিক বিষয়গুলিতে এরকম ভুল আর কারও পক্ষে যে সম্ভব তা আমার বিশ্বাস হয় না। পূর্ব-অভিজ্ঞতা থেকেই এ-কথা বলছি। রাজশেখর বসু ‘বাংলা ভাষার গতি’ প্রবন্ধে বলেছেন, ‘ত্রিশ-চল্লিশ বৎসর আগের তুলনায় এখনকার লেখকেরা বেশী ভুল করেন, যাঁরা বাংলায় এম এ করেছেন তাঁরাও বাদ যান না। সেকালে লেখকের সংখ্যা অল্প ছিল, তাঁদের মধ্যে যাঁরা শীর্ষস্থানীয় তাঁরা ভাষার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন এবং অন্য লেখকদের নিয়ন্ত্রিত করতেন। একালের লেখকদের সংখ্যাবৃদ্ধির সঙ্গে সঙ্গে অসতর্কতাও বেড়েছে। অশুদ্ধির একটি প্রধান কারণ শিক্ষিত লোকের মধ্যে সংস্কৃতচর্চা পূর্বের তুলনায় খুব কমে গেছে।’ রাজশেখর বসুর এই উক্তির পর বেশ কিছু বছর অতিক্রম করে এলেও অবস্থার কোনো পরিবর্তন তো হয়ই নি, বরং বাঙালি সৃজনশীল লেখক সংস্কৃতচর্চা থেকে আরও দূরে সরে গেছে। ফলে বাংলা ভাষা নানা অশুদ্ধ শব্দে পূর্ণ হয়ে চলেছে। আর সংস্কৃত না-জানা পবিত্র সরকারের মতো বৈয়াকরণ সেইসব অশুদ্ধ শব্দগুলিকেই শুদ্ধ বলে চালাবার চেষ্টা করে গেছেন, শুধু নয়, তার সঙ্গে আরও কিছু ভ্রান্ত সূত্র আমদানি করে অশুদ্ধ বাংলা শব্দের পরিমাণ বাড়িয়ে তুলেছেন, যার প্রভাব পড়েছে বাংলা শব্দের বানানেও; এটা কী কম দুঃখের!


'আকাদেমি বানান অভিধান নাকি ভুল-বানানের সূতিকাগার' — धारावाहिक की विषय-सूची

कुल ३ भाग
१ আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: হসন্ত-বর্জনের ব্যাকরণগত অসংগতি ও শিক্ষার্থীদের বিভ্রান্তি (भाग পর্ব ১)
Nov 2026 →
२ আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: সমাস, প্রত্যয় ও সন্ধির ব্যাকরণগত অসংগতি (भाग পর্ব ২)
वर्तमान भाग
३ আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: অতৎসম শব্দের ইতিহাস, ব্যুৎপত্তি ও বানান-বিভ্রান্তি (भाग পর্ব ৩)
Nov 2026 →
Srinibash Ghosh S
लेखक परिचय
प्रोफ़ाइल →

Srinibash Ghosh

শ্রীনিবাস ঘোষ হুগলি জেলার রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে বাংলা বিষয়ের অধ্যাপক। আগ্রহের বিষয় বাংলা ব্যাকরণ ও মধ্যযুগের বাংলা সাহিত্য। বিভিন্ন পত্র-পত্রিকা ও সমাজ মাধ্যমে এই বিষয়ে চর্চা করে থাকেন।

स्वत्व एवं लाइसेंस: यह रचना CC BY-NC-ND 4.0 लाइसेंस के अंतर्गत प्रकाशित है। मूल लेखक का नाम और ‘आनुपूर्वी’ पत्रिका के संदर्भ के उल्लेख के साथ गैर-व्यावसायिक उपयोग के लिए मुक्त है।
महत्वपूर्ण घोषणा: यहाँ प्रकाशित लेखकों, अतिथियों और अन्य प्रतिभागियों के विचार एवं मत सर्वथा उनके अपने हैं; वे Poorvam की नीति या दृष्टिकोण को प्रतिबिंबित नहीं करते।

Srinibash Ghosh की और रचनाएँ