Skip to main content
Search
Author
Literature · 2 Nov 2026 · বাংলা · Anupurvi

বৌদ্ধ মন্ত্রনয় কী এবং কেন গুরুত্বপূর্ণ

বৌদ্ধ মন্ত্রনয় কী এবং কেন গুরুত্বপূর্ণ
বুদ্ধধর্মে মন্ত্র, দেবতা ও তন্ত্রের উপাদান কি কেবল পরবর্তী সংযোজন? প্রাচীন বৌদ্ধশাস্ত্র ও বৈদিক মন্ত্রদর্শনের আলোয় জানুন মহাযান-বজ্রযানের উৎপত্তি, বিবর্তন ও গূঢ় অধ্যাত্মের ইতিহাস।

বৌদ্ধ মন্ত্রনয় ধারা: মহাযান-বজ্রযানের উৎপত্তি এবং ক্রমবিকাশ

পর্ব ১

বৌদ্ধ মন্ত্রনয় কী এবং কেন গুরুত্বপূর্ণ

প্রত্যেক সাধনমার্গে বহির্প্রকৃতি এবং অন্তর্প্রকৃতির সঙ্গে যোগসাধনের জন্য দুই প্রকারের চর্যা থাকে। বহির্প্রকৃতির সঙ্গে যে চর্যা, সেটি সংসার বাহ্যত দেখতে পায়। অন্তর্প্রকৃতির সঙ্গে সাযুজ্য স্থাপনের চর্যা কেবল সাধক জানেন, বাইরের কেউ তা প্রত্যক্ষ করতে পারে না— কিন্তু অন্তর্প্রকৃতির সাযুজ্যজাত উপলব্ধিই সাধকের বহির্চর্যার নিয়ন্ত্রক। যে অন্তরে দোষকে প্রশ্রয় দেয় তার বহির্জগতেও দুষ্ট আচরণ‌ই হবে। ভারতবর্ষের প্রায় সব ধর্মীয় বিশ্বাসে অন্তর্প্রকৃতির সাযুজ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। চার্বাকরা অন্তর্প্রকৃতিকে অস্বীকার করে কেবল বহির্প্রকৃতিকে স্বীকার করতেন বলেই শ্রৌত তথা বৌদ্ধ সকলের নিন্দাভাজন হয়েছিলেন। ব্রাহ্মণ্য ধর্মের বাহ্যিক দিক প্রকাশ করে স্মৃতিশাস্ত্র, গৃহ্যসূত্র, বেদের ব্রাহ্মণ অংশাদি। অন্তর্প্রকৃতির সঙ্গে সাযুজ্যের উপায় প্রকাশ করে মন্ত্র ও উপনিষদ্। পুরাণ বাহ্যিক চর্যা, গূঢ় চর্যা উভয়কেই প্রকাশ করে; কিন্তু সাধারণের পাঠযোগ্য করে তুলতে পুরাণের গূঢ়ার্থকে সাঙ্কেতিক ভাষায় ঢেকে দেওয়া হয়। পুরাণের থেকে আবার উপনিষদ্ গূঢ়‌। মন্ত্র উপনিষদের থেকেও গূঢ়। তাই পঞ্চম বেদের জ্ঞানে সবার অধিকার থাকলেও উপনয়ন ছাড়া বৈদিক মন্ত্রোচ্চারণ করা যায় না। ত্রয়োত্রিংশ কোটি দেবতার বিস্তার এই মন্ত্রক্রম জুড়ে। অন্তর্প্রকৃতির চর্যা গোচর না হলে দেবতত্ত্ব‌ বোঝা অসম্ভব।

বৌদ্ধের সব শাখাতেই অন্তর্প্রকৃতির স্বীকৃতি আছে। ঊনবিংশ শতাব্দী ইস্তক ভারতে প্রভূত প্রচার হয়েছে— বুদ্ধের মূল ধর্ম দেবদেবী, মন্ত্রতন্ত্রাদি সংস্কারবিবর্জিত। মহাযান, বজ্রযানের মন্ত্রক্রম এবং দেবমণ্ডলী পরবর্তীকালীন বিকৃতিজনিত সংযোজন। এ কথা অর্ধসত্য। পঞ্চম শতকের পর তান্ত্রিক প্রভাবের বাড়বাড়ন্তের ফলে মহাযান তথা বজ্রযান বুদ্ধের মূল আদর্শ থেকে সরতে আরম্ভ করেছিল ঠিক‌ই, কিন্তু দেবদেবী ও মন্ত্রক্রম বৌদ্ধের স্থবির নিকায়েও সম্পূর্ণ অনুপস্থিত ছিল না। সূত্রপিটকের পরিত্ত সূত্রগুলিতে বিপদকালে কবচ হিসেবে ব্যবহারের জন্য ছোট ছোট গাথা চোখে পড়ে। 

মোর পরিত্ত সূত্রের গল্পে দেখা যায়, পূর্বে এক জন্মে শাক্যমুনি ময়ূর-বোধিসত্ত্ব ছিলেন। প্রতিদিন ভোরে বনে খাদ্যের সন্ধানে যাবার আগে তিনি সূর্যের উদ্দেশ্যে এবং অতীত-অনাগত সম্যকসম্বুদ্ধদের স্মরণে বিশেষ গাথা পাঠ করতেন। সেই গাথা তাঁকে বহুবার শিকারির হাত থেকে রক্ষা করেছিল। চন্দ ও সূরিয় পরিত্তে দেখা যায়, চন্দ্রসূর্য বুদ্ধের উদ্দেশ্যে বিশেষ গাথা পাঠ করে রাহুর গ্রাস থেকে রক্ষা পেয়েছিলেন। খন্ধ পরিত্তে দেখা যায়, জেতবনের এক শ্রমণকে সাপে কাটলে বুদ্ধ সর্পদংশনের পরিত্রাণ হিসেবে চার সর্পকুলের উদ্দেশ্যে মৈত্রীগাথা দেশনা করছেন। মূলসর্বাস্তিবাদী বিনয়ের ভৈষজ্যবস্তুতেও খন্ধ পরিত্তের প্রায়ানুরূপ গল্প আছে, কিন্তু সেখানে বুদ্ধ মৈত্রীগাথার পরিবর্তে দেশনা করেন মহামায়ূরী নাম্না গোটা একটি বিদ্যা।[1] তাইশো ক্যাননে প্রণব ও স্বাহা-যুক্ত মন্ত্রসম্বলিত পূর্ণাঙ্গ মহামায়ূরী বিদ্যারাজ্ঞী সূত্র মেলে। কল্যাণকামধেনু সাধনায় নাগার্জুন বলেছেন, শাস্ত্রে যদি উল্লেখ নাও থাকে, মন্ত্রের শুরুতে প্রণব-যুক্তি ও শেষে স্বাহা-যুক্তি বাধ্যতামূলক।[2] পালি পিটকে প্রণব এবং স্বাহার ব্যবহার না থাকায় পরিত্তের সূত্রগুলিকে সরাসরি মন্ত্রক্রম বলা চলে না অবশ্যই। কিন্তু পরিত্ত সূত্রগুলি যে মূলত বিদ্যাধর শ্রেণীর, তাতে কোনো সন্দেহ নেই। 

এক‌ইভাবে স্থবির নিকায়ে শক্র, ব্রহ্ম প্রভৃতি বৈদিক দেবতার উপস্থিতি সত্ত্বেও দেবতত্ত্ব অনালোচিত। নিকায়ের পিটক দেবতাদের মনুষ্যলোকের ঊর্ধ্বতন মানলেও অন্তর্প্রকৃতির বিস্তার হিসেবে চিহ্নিত করে না। নিকায়ের পিটকে দেবতাদের ভূমিকা পুরাণঘেঁষা। বিপরীতে মহাযান এবং বজ্রযান দেবতাদের পৌরাণিক স্বরূপেও গ্রহণ করে, বৈদিক স্বরূপেও গ্রহণ করে। ললিতবিস্তরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শক্রাদি দেবগণ বোধিসত্ত্বকে সেবা করেন। আবার মহাবস্তু অবদানে ঋষি অসিত সদ্যোজাত সিদ্ধার্থের মধ্যেই শিব, বিষ্ণু, সূর্যাগ্নি দর্শন করেন।[3] গুণকরণ্ডব্যূহ সূত্রে দেবতারা পৃথকসত্ত্ব হয়ে অবলোকিতেশ্বরের শরণগমন করেন, আবার পুরুষসূক্তের অনুপ্রেরণায় অপৃথগ্য হয়ে অবলোকিতেশ্বরের শরীরে অধিষ্ঠান‌ও করেন। দেবত্ব যে সাধকের মনোময় উপলব্ধি, তা মহাযান-বজ্রযানের শাস্ত্র পড়লে বোঝা যায়, নিকায়ের শাস্ত্র পড়ে বোঝা যায় না। মহাযান-বজ্রযান গূঢ়ার্থ প্রকাশ করে বলেই মন্ত্রক্রম হিসেবে জ্ঞাতব্য।

স্থবিরবাদীর শাস্ত্র বৌদ্ধের বাহ্যিক চর্যায় অধিকতর জোর দেয়। আজ‌ও স্থবিরবাদী সঙ্ঘে দান, শীল, পুণ্যসঞ্চয়কে যত গুরুত্বপূর্ণ মানা হয়, অধ্যাত্মকে তত গুরুত্বপূর্ণ মানা হয় না। বিপরীতে মন্ত্রক্রম প্রজ্ঞার চর্যাকে দান, শীল, পুণ্যসঞ্চয় প্রভৃতি বাহ্যিক চর্যার থেকে বেশি গুরুত্বপূর্ণ মানে। সম্ভবত সেই কারণেই মহাযান-বজ্রযানের দর্শন যেমন লতায় পাতায় বর্ধিত হয়ে ছড়িয়েছে তেমন স্থবির নিকায়ে হয়নি। বিবেকোৎপত্তি এবং পরবর্তী ধ্যানচতুষ্টয়ের কথা নিকায়েও আছে, মন্ত্রক্রমেও আছে। কিন্তু মহাযান দাবি করে, সর্বোচ্চ সমাধি তথা সম্যক বোধি কেবল প্রজ্ঞাচর্যার মাধ্যমেই অর্জিত হয়, নিকায়শাস্ত্রের অনুসরণে অর্জিত হয় না। 

আপাত দৃষ্টিতে এ দাবিকে মহাযানকর্তৃক স্থবির নিকায়ের বিকৃত উপস্থাপন বলে মনে হলেও গভীর ভাবে দেখলে এ দাবি নিছক আদর্শগত বিরোধের জেরে করা হয়নি। এ দাবি করা হয়েছে অন্তর্প্রকৃতির চর্যাকে অধিকতর গুরুত্ব দিতে। যে যত‌ই অস্বীকার করুক না কেন, ভারতের সব মত পথ এক জায়গায় বেদের সঙ্গে সন্ধিতে বসতে বাধ্য। বেদের একমেবাদ্বিতীয় প্রতিপাদ্য যেহেতু ব্রহ্মত্ব, এবং এই ব্রহ্মত্ব গূঢ়ার্থক; বাহ্যার্থক নয়। গূঢ়কে অস্বীকার করে কেবল বাহ্যাচারসর্বস্ব হয়ে ভারতবর্ষে কোনো মত— কোনো পথ টিকে থাকতে পারে না। স্থবির নিকায়‌ও ঠিক সেই কারণেই এদেশে মহাযানের মতো মাটি শক্ত করতে সমর্থ হয়নি। ব্রাহ্মণ্য ষড়দর্শনের সঙ্গে মস্তিষ্কের লড়াইতে এঁটে ওঠার সাধ্য মহাযানের যেমন ছিল তেমন স্থবির নিকায়ের ছিল না। তর্ক সবসময় একচেটিয়া বিরোধে সাধিত হয় না। ক্বচিৎ কদাচ প্রতিপক্ষের নীতি বা অনুমানকে সাময়িক স্বীকৃতি দিয়ে তার থেকে অনভিপ্রেত সিদ্ধান্তের উদ্ভব দেখানো, অথবা সামগ্রিক আদর্শটিকেই প্রতিপক্ষের অধিকার থেকে কেড়ে নিয়ে স্বপক্ষে ব্যবহার করাও তর্ককৌশল্য। বৌদ্ধের মন্ত্রক্রম বেদ বা বেদান্তের অন্তিম সিদ্ধান্তকে কতখানি স্বীকৃতি দিয়েছিল তার মীমাংসা কস্মিনকালে এক বাক্যে হবার নয়। তবে নিদেনপক্ষে বেদের মন্ত্রভাগের দর্শন ও উপমা যে মহাযানে অকপটে গৃহীত হয়েছিল, এ কথা মেনে নেওয়ায় কোনোরকম দূষণভয় নেই। 

বেদ সর্বব্যাপক চৈতন্যের প্রচেতা— জড় বস্তুতেও ব্রহ্মত্ব আরোপ করেন। বৌদ্ধের মন্ত্রক্রমেও দেখা যায়, পঞ্চভূতকে বৈরোচনাদি পঞ্চ তথাগত প্রকাশ করছেন। স্থবির নিকায়ে এই ধারণা অনুপস্থিত। মহাযানের বিখ্যাত দুই বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর এবং মঞ্জুশ্রীর শিকড় ঋগ্বেদের বিষ্ণু ও অগ্নির মন্ত্রে মিলবে। সুসান ল্যান্ডসম্যান আর্য্যতারার অন্যতম উৎস‌ রাত্রিসূক্তের “অথা নঃ সুতরা ভব” ঋককে চিহ্নিত করেছেন।[4] বৈদিক জ্যোতিষে তারা দেবগুরু বৃহস্পতির শক্তি। বুদ্ধ দেবমনুষ্যের শাস্তা বলেই তাঁর প্রজ্ঞা তারা। মহাযান-বজ্রযানের প্রায় সব দেবতত্ত্বে কোনো না কোনো ভাবে শ্রুতির মন্ত্রভাগের যোগ বিদ্যমান। মারীচী ঊষা ও সন্ধ্যা। বজ্রযোগিনীর ছিন্নমুণ্ডা রূপ বষট্‌কারে শিরশ্ছিন্না গায়ত্রী। এমনকী কালীও বৌদ্ধাম্নায়ে বেদের নির্ঋতি তত্ত্ব থেকে বিবর্তিতা হয়েছিলেন। তাই শ্রী-কালকর্ণী জাতকে[5] কালীকে যমভগিনী এবং অলক্ষ্মী বলা। বুদ্ধচরিতে কালী জগতের অনিত্যস্বভাব মূর্তকারিণী, বজ্রাসনে বুদ্ধকে বিচলিত করতে এসেছিলেন।[6] এরপর কালী কামেশ্বরীর পদে উঠে শ্রীবৈরী থেকে শ্রী হয়েছেন। তিব্বতী শাস্ত্রপিটকে কালীর মূল তন্ত্রটির নাম ডাকিন্যাগ্নিজিহ্বাজ্বালা। মুণ্ডকোপনিষদে কালী অগ্নির সপ্তজিহ্বার মুখ্যা। শ্রুতির মন্ত্রাংশ অধ্যয়ন না করলে বৌদ্ধ মন্ত্রক্রম সম্যক অনুধাবন করা যায় না।

বৌদ্ধ মন্ত্রক্রমের ইতিহাস মহাযান দিয়ে আরম্ভ হয়। মহাসাঙ্ঘিক লোকোত্তরবাদীরা মহাযানের উদ্ভবে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। মহাযানের অনুসৃত পিটক বৈপুল্য পিটক নামে পরিচিত। মহাযানী সূত্রাবলী রচিত হবার পূর্বে স্থবির নিকায় এবং মহাসাঙ্ঘিক পিটক‌ও বহুধাবিভক্ত ছিল। মহাযান-পূর্ববর্তী বৌদ্ধ পিটকসমূহ পরের পর্বের আলোচ্য।

  1. Skilling, Peter. “The Raksa Literature of the Sravakayana.” Journal of the Pali Text Society, Vol. XVI, 1992, p. 140. ↑

  2. སྔགས་ཀུན་མང་དུ་ཕྱག་འཚལ་དང་། །སྭཱ་ཧཱ་སྦྱར་བའི་རང་བཞིན་ཅན། །དེ་བས་ལུང་དུ་མ་བསྟན་ཡང་། །ཐོག་མ་ཐ་མར་སྦྱར་བར་བྱ། ། ↑

  3. আনন্দহুতাসনবহুতরুণার্কনিভো ন সো পুরুষসিংহো।

    হোহিতি নরপতি রাজা হোহিতি শাস্তা অনভিভূতো॥

    এষো হি ত্রীহি ক্রমেহি ত্রৈধাতুকং লঙ্ঘিয়া অনবশেষং।

    শিবমমরং নিরন্তরায়ং অধিগমিষ্যতি উত্তমং ধর্মং॥ ↑

  4. Landesman, Susan A. The Tara Tantra: part 1 introduction “Tārā as a Personified Star and Tārā’s Boat.” ↑

  5. পালি নিকায়ের ৩৭১ নং জাতক। ↑

  6. স্ত্রী মেঘকালী তু কপালহস্তা কর্তু মহর্ষেঃ কিল চিত্তমোহম্।

    বভ্রাম তত্রানিয়তং ন তস্থৌ চলাত্মনো বুদ্ধিরিবাগমেষু॥ ↑

Discipline / Topic মহাযান, বজ্রযান, বৌদ্ধ ধর্ম
More by Koyel Bhattacharya View all works →

Explore more on Charcha

Discover the latest writings, journal papers, talks, and literary discussions from all Poorvam contributors.

Go to Charcha feed